
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ‘২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে চারটি নতুন বিষয় যুক্ত করা হবে।’
মঙ্গলবার (৬ অক্টোবর) কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এহসানুল হক মিলন বলেন, ‘ষষ্ঠ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতির সাথে সম্পৃক্ত করা হবে। ২০২৮ সাল থেকে প্রয়োজন অনুযায়ী শিক্ষা কার্যক্রমে পরিবর্তন ও পরিমার্জন করা হবে। প্রয়োজনের বিষয়টি বিবেচনায় নিয়ে ভবিষ্যতে আরো নতুন বই যুক্ত করা হবে।’
উচ্চ মাধ্যমিকে ভর্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘আসনের তুলনায় যোগ্য প্রার্থীর সংখ্যা কম থাকায় এবার ভর্তি প্রক্রিয়ায় কিছুটা বিড়ম্বনা দেখা দিয়েছে।’
নবাব ফয়জুন্নেছাকে পাঠ্যপুস্তকে যুক্ত করার বিষয়েও কাজ চলছে বলে জানান তিনি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশে গ্যাস ও তেলের দাম অনেকাংশে বেড়েছে। তবে আশপাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশে ডিজেলের দাম এখনো অনেক কম। সরকার সর্বোচ্চ ভর্তুকি দিয়ে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।’
তিনি বলেন, ‘বর্তমান সঙ্কট বৈশ্বিক। জনগণের ওপর যতটা কম চাপ দিয়ে যৌক্তিকভাবে এ সঙ্কটের সমাধান করা যায়, সরকার সে লক্ষ্যেই কাজ করছে।’
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো: আহসান পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন ও কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।
এছাড়া মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো: শাহাদাত হোসাইন, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো: ইউসুফ মোল্লা টিপু, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতরের পরিচালক মো: সাখাওয়াত হোসেন খান এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








