চোখ, যুবক, গ্রেফতার
ভুক্তভোগী যুবক মো: রাজিব। নয়া দিগন্ত

ভোলার বোরহানউদ্দিনে পূর্ব শত্রুতার জেরে মো: রাজিব (২৮) নামে এক যুবককে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে শারীরিক নির্যাতনের পর তার দুই চোখ নষ্ট করে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইমাম হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

সোমবার (৫ অক্টোবর) রাতে উপজেলার সাচড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রাজিব (২৮) উপজেলার সাচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মরহুম ফারুক খানের ছেলে। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাজিবের ভাই মো: রিয়াজের অভিযোগ, সোমবার রাত ১১টার দিকে বাড়ির সামনের প্রাথমিক বিদ্যালয়ের পাশে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন রাজিব। এ সময় একটি মাইক্রোবাস সেখানে এসে থামে। কিছু বুঝে ওঠার আগেই দুই ব্যক্তি পাশ থেকে এসে তার মুখ চেপে ধরে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয়।

রিয়াজের দাবি, পরে বদরপুর ও লালমোহন এলাকা হয়ে বিভিন্ন স্থানে রাজিবকে অমানবিক নির্যাতন করা হয়। একপর্যায়ে তার দুই চোখ সম্পূর্ণ নষ্ট করে ভোলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের কাছে একটি ডোবার পাশে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

এ সময় তার চিৎকার শুনে আশপাশের শিক্ষার্থীরা এগিয়ে এসে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় রাজিবকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে যায় ও তার পরিবারের সদস্যদের খবর দেয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করেন। অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়।

ভুক্তভোগীর ভাই আরো অভিযোগ করেন, রাজিবের শরীর ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত কয়েকজন তাদের এলাকার বাসিন্দা ও রাজিব তাদের কয়েকজনকে চিনতে পেরেছেন বলে দাবি করেন। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলেও অভিযোগ করেন রিয়াজ।

এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রীর করা মামলায় ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।

বোরহানউদ্দিন থানার ওসি মো: আশ্রাব আলী জানান, মধ্যরাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে রাজিবের স্ত্রী বাদি হয়ে থানায় মামলা করেন। মামলায় এজাহারভুক্ত আসামি ইমামকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’