
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে’র সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেছেন, ‘মফস্বলের সাংবাদিকরা সংবাদপত্রে আন্তরিকভাবে কাজ করলেও তাদের সুযোগ-সুবিধা অত্যন্ত সীমিত। মফস্বল সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন করতে হবে।’
সোমবার (৫ অক্টোবর) সিলেট প্রেসক্লাবে সিলেট মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুর রহমান শাহীন বলেন, ‘৫ আগস্টের গণঅভ্যুত্থানে রাজপথে সাংবাদিদের ভৃমিকা ছিল অগ্রগন্য। শিক্ষার্থীদের নেতৃত্বে রাজনৈতিক দলগুলো গণঅভ্যুত্থানে ছিল সক্রিয়। যার ফলে শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে। ৫ আগস্টের পর সাংবাদিকদের প্রত্যাশা এখন পর্যন্ত পূরণ হয়নি। এখন পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি। এ সরকারের প্রথম থেকে দেশ গঠনের উদ্যোগ ভালো ছিল।’
তিনি বলেন, ‘বর্তমানে সরকারি দল যেভাবে অসহিষ্ণু হয়ে ওঠেছে, অন্যদিকে বিরোধী দল কোনো সময় না দিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। এতে ফলাফল কোনদিকে গড়াবে তা বোধগম্য হচ্ছে না। একথা বলা যায় সরকারি দল ও বিরোধী দলের ভূমিকা কোনোক্রমেই ভালো মনে হচ্ছে না।’
তিনি সব পরিস্থিতিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি বলেন, ‘আইন প্রণয়ণের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। সাংবাদিক বান্ধব আইন সময় নিয়ে করুন, সিকিউরিটি আইন বাস্তবায়নের ক্ষেত্রে আরো চিন্তাভাবনা করুন।’
মুকতাবিস-উন নূর বলেন, ‘মফস্বলের সাংবাদিকরা সংবাদপত্রের প্রাণশক্তি। তাদেরকে অবহেলা বা অধিকার বঞ্চিত করে কখনো কেউ লাভবান হয়নি। সাংবাদিকদের সুরক্ষার পাশাপাশি তাদের ন্যায্য দাবি-দাওয়া পূরণে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ঢাল হিসেবে কাজ করবে।’
সিলেট মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এসএমইউজে) সভাপতি মো: বদররুদ্দোজা বদরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ আহমদের পরিচালনায় এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর।
সুধি সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক এম এ মতিন, দৈনিক সিলেটের ডাক-এর সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স, দৈনিক ইনকিলাবের ব্যুরো প্রধান ফয়সল আমীন, দেশ টিভির প্রতিনিধি খালেদ আহমদ, দৈনিক যায়যায়দিন-এর সিলেট ব্যুরো প্রধান ইফতেখার মো: নাবিল এবং সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সদস্য, এ কে কাওছার, শহীদুল ইসলাম, মুহিব হাসান, ঈশা তালুকদার, এনামুল ইসলাম প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








