
পঞ্চগড়ের দেবীগঞ্জে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর পুকুর থেকে ওমর আলী (৫৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পামুলী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত ওমর আলী ওই এলাকার আব্দুল হাইয়ের ছেলে। তিনি পেশায় ঘটক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর থেকে ওমর আলী নিখোঁজ ছিলেন। পরে রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের পুকুরপাড়ে তার জুতা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তিনি পুকুরের পানিতে পড়ে যেতে পারেন—এমন ধারণা থেকে স্থানীয়রা প্রথমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।
খবর পেয়ে দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তবে রাতে দীর্ঘ সময় অভিযান চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দলকে খবর দেয়া হয়।
মঙ্গলবার সকালে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ১০ মিনিটের অভিযানের পর পুকুরের পানি থেকে ওমর আলীর লাশ উদ্ধার করা হয়।
দেবীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য রফি ইসলাম বলেন, ‘সোমবার রাত আনুমানিক ৯টার দিকে আমরা খবর পাই। ঘটনাস্থলে গিয়ে পরিদর্শনের পর বিষয়টি রংপুরে জানানো হয়। পরে রংপুর থেকে বিশেষ ডুবুরি দলের সহযোগিতায় মঙ্গলবার সকালে তাকে উদ্ধার করা হয়।’
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, ‘প্রাথমিক সুরতহাল ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








