
পাবনার সুজানগরে নিখোঁজের একদিন পর সুপ্রভাত মদক (৩৮) নামে এক ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (০৬ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার আমিনপুরে নিজ বাড়ির পেছনে হলুদের ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত সুপ্রভাত মদক উপজেলার আহম্মদপুর ইউনিয়নের আহম্মদপুর মিস্ত্রিপাড়া গ্রামের সত্যচরণ মদকের ছেলে। তিনি কাশীনাথপুর বাজারে হোটেল ব্যবসায়ী ছিলেন।
আমিনপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সোমবার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন সুপ্রভাত মদক। বিকেলে স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখান তিনি। ডাক্তার দেখানো শেষে স্ত্রীকে বাড়ি পাঠিয়ে দিয়ে আর তিনি ব্যবসা প্রতিষ্ঠানে বা বাড়িতে যাননি।
পরে পরিবারের আত্মীয়-স্বজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে রাতে আমিনপুর থানা পুলিশকে মৌখিকভাবে জানান। পুলিশ তখন তার সন্ধানে মাঠে নামে।
ওসি ফজলে এলাহী বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় তার মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়। রাত ১২টার দিকে তার মোবাইল ফোন চালু পাওয়া গেলে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরে তার নম্বরে আবার ফোন আসলেও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
এরপর আজ মঙ্গলবার সকালে বাড়ির পাশে হলুদের ক্ষেতে তার লাশ আগুনে ঝলসানো অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি ফজলে এলাহী আরো জানান, তাকে হত্যা করা হয়েছে এটি নিশ্চিত। তবে তাকে হত্যার আগে আগুনে ঝলসানো হয়েছে নাকি হত্যার পর তার শরীরে আগুন ধরানো হয়েছিল সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কারা, কী কারণে তাকে হত্যা করেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। হত্যায় জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








