আগুন, ক্ষতি, ফায়ার সার্ভিস
আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। নয়া দিগন্ত

চাঁদপুরের মতলব উত্তরে আগুনে ছয়টি দোকান পুড়ে ভস্মীভূত গেছে। এতে প্রায় কোটি টাকার মালামাল ও নগদ অর্থ পুড়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের।

Advertisement

সোমবার (৫ অক্টোবর) রাত ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরপাথালিয়া বাজারে এ ঘটনা ঘটে। 

আগুনে রুহুল আমিনের দোতলা ফার্নিচারের দোকান, ধীরেন চন্দ্র দাসের ফার্মেসি, অরুন ডাক্তারের ফার্মেসি এবং রবীন্দ্র চন্দ্র দাস, অসীম রায় ও বংশী চন্দ্র দাসের খালি দোকান পুড়ে গেছে।

জানা গেছে, রাতে রুহুল আমিনের ফার্নিচারের দোকানে আগুন দেখে স্থানীয়রা প্রথমে তা নেভানোর চেষ্টা চালায়। পরে তা আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মতলব উত্তর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ১টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

দোকান মালিক রুহুল আমিনের দাবি, তার দোকানে থাকা নগদ এক লাখ ৬২ হাজার টাকা, প্রায় ২০ লাখ টাকার যন্ত্রাংশ এবং ৭২ লাখ টাকার কাঠ ও ফার্নিচারসহ বিপুল পরিমাণ মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া অপর চার দোকানের আনুমানিক আরো ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে সংশ্লিষ্ট দোকান মালিকরা জানায়।

মতলব উত্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো: কফিল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ফার্নিচারের দোকানে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’