
সিলেটে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম ও উপসর্গ নিয়ে নতুন করে আরো ১৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪২ জনে।
মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ৮১ জনেই রয়েছে। এর মধ্যে সিলেটে ৪০৮, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে ৩৫৭ জন।
নতুন ভর্তি ১৬৩ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৪, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬০, পার্কভিউ মেডিক্যাল হাসপাতালে ২৫, রাগিব রাবেয়া মেডিক্যাল পাঁচ, বিশ্বনাথে এক, বিয়ানীবাজারে পাঁচ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন রয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ৫৪২ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩২, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৩৮, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নয়, নর্থ ইস্ট মেডিক্যাল হাসপাতালে তিন, পার্কভিউ মেডিক্যাল হাসপাতালে ২৫, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন, কোম্পানীগঞ্জে চার, বিশ্বনাথে ছয়, বিয়ানীবাজারে ১০, গোলাপগঞ্জে নয়, ফেঞ্চুগঞ্জে দুই, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬৮, ধর্মপাশায় দুই, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে তিন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৮ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছর হাম ও উপসর্গে এ পর্যন্ত ১৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৭২ জন ও নিশ্চিত হাম রোগে ১০ জন মারা গেছেন। জেলাভিত্তিক মোট মৃত্যুর মধ্যে সিলেটে ৭৩, হবিগঞ্জে ২৮, মৌলভীবাজারে ১৫ ও সুনামগঞ্জে ৬৬ জন।
অক্টোবরে প্রথম দিন একজনের মৃত্যুর পর টানা পাঁচদিন আর কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে মৃত্যুহীন এই সময়েও হাসপাতালে রোগী ভর্তির চাপ কমেনি; আগের ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছিলেন ১৫০ জন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








