
জামালপুরের মেলান্দহে সার বিতরণকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ সময় তিনজন কৃষক আহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বেলতৈল বাজারে এ ঘটনা ঘটে।
আহত কৃষকদের মধ্যে ছবিলাপুর গ্রামের গোমর শেখের ছেলে আলিম উদ্দিন (৪৫) রয়েছেন। অপর দুই আহত কৃষকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বেলতৈল বাজারে সার নিতে বিপুলসংখ্যক কৃষক জড়ো হন। সার নেয়ার জন্য কৃষি কার্ডে স্বাক্ষর দেয়ার সময় কয়েকজন কৃষকের সাথে দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তার কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ডিলার, কৃষি কর্মকর্তা ও কৃষকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেখানে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে কয়েকজন কৃষক আহত হন।
স্থানীয় কৃষকদের অভিযোগ, সার নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকে চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না। এ নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে সার বিতরণে প্রকৃতপক্ষে কোনো অনিয়ম হয়েছে কি না, তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন তারা।
মেলান্দহ উপজেলা কৃষি কর্মকর্তা মো: আব্দুর রউফ বলেন, ‘কৃষি কার্ড বিতরণের সময় আগে-পরে নেয়া নিয়ে একটু বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। অনেক মানুষের ধাক্কাধাক্কিতে দু-একজন আহত হয়ে থাকতে পারেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, ‘সার বিতরণের সময় আগে-পরে নেয়া নিয়ে একটু ঝামেলা হয়েছিল। তবে হতাহতের কোনো খবর আমরা পাইনি। উপজেলায় পর্যাপ্ত সার রয়েছে। সারের কোনো সঙ্কট নেই।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








