ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, সড়ক দুর্ঘটনা, নিহত, লাশ উদ্ধার
সড়ক দুর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করা হচ্ছে। নয়া দিগন্ত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মো: আসলাম হোসেন (৩৬) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। 

Advertisement

সোমবার (৬ অক্টোবর) রাত ৩টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আসলাম রাজধানীর বাসাবো মুগদা এলাকায় বাসিন্দা বলে জানা গেছে।

মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ষোলঘর ভূইচিত্র এলাকায় একটি মোটরসাইকেলকে অজ্ঞাত একটি গাড়ি পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক আসলাম ঘটনাস্থলেই নিহত হন। রাত ৩টা ২৫ মিনিটের দিকে সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। 

পরে আসলামের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

হাঁসাড়া হাইওয়ে পুলিশের ওসি সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, নিহত মোটরসাইকেল চালকের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।