ভারতীয় জিরা, ট্রাক জব্দ
এক কোটি ১৩ লাখ টাকার ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। নয়া দিগন্ত

সিলেটের হবিগঞ্জে এক কোটি ১৩ লাখ টাকার ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

Advertisement

সোমবার (৫ অক্টোবর) রাত ১১টার দিকে জেলা ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান এর সত্যতা নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানিয়েছে, রোববার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় অভিযান চালায় হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি। সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার অভ্যন্তরে বিজিবি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় ট্রাকটির চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে গাড়ি ফেলে পালিয়ে যান। 

পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৩০০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। গাড়ির ড্যাশবোর্ডে পাওয়া যায় কাস্টমসের নথিপত্র কালার স্ক্যান করে তৈরি করা বিল অফ এন্ট্রি ও চালানপত্রের কপি। সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করে এসব কাগজপত্র জাল বলে নিশ্চিত হওয়ার পর জিরা ও ট্রাকটি জব্দ করা হয়।

হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, ‘জব্দকৃত জিরা ও ট্রাক আইনগত প্রক্রিয়া শেষে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেয়ার কার্যক্রম চলছে। চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।’