লালমনিরহাটে এবি পার্টির নেতার বাড়িতে ভাঙচুর ও মারধর
এবি পার্টির নেতার বাড়িতে ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে। নয়া দিগন্ত

লালমনিরহাট এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ কবিরের বাড়িতে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এ সময় ভাঙচুরে বাধা দিতে গিয়ে ভুক্তভোগী ফিরোজ কবিরের ভাই অ্যাডভোকেট হুমায়ুন কবির মারধরের শিকার হয়েছেন।

Advertisement

সোমবার (৫ অক্টোবর) দুপুরে জেলা শহরের নবাবেরহাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

মারধরের শিকার আইনজীবী হুমায়ুন কবিরের ভাষ্য, ‘পৈতৃক জমি নিয়ে অন্য একটি পক্ষের সাথে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে এবং বর্তমানে মামলা চলমান রয়েছে। দুপুরে আদালত চত্বরে থাকার সময় আমি জানতে পারি, ভেকু মেশিন নিয়ে ৬০ থেকে ৭০ জন লোক আমাদের বাড়িতে অবস্থান করছে এবং ভাঙচুরের চেষ্টা করছে।’

ভুক্তভোগী হুমায়ুন কবির বলেন, ‘খবর পেয়ে বাড়িতে গিয়ে আমি তাদের বাধা দিই। এ সময় হামলাকারীরা আমাকে মারধর করে। পরে আমি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চাই।’

হুমায়ুন কবিরের অভিযোগ, সদর থানা থেকে এক কিলোমিটারের মধ্যেই আমাদের বাড়ি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় এক ঘণ্টা সময় নেয়। মারধরের ঘটনায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং হাসপাতালে ভর্তি হওয়ার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে সদর থানার ওসি সাদ আহমেদ বলেন, ‘বিষয়টি আমি জানি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। ভুক্তভোগী ৯৯৯-এ ফোন করেছিলেন। প্রাথমিকভাবে জানতে পেরেছি, এটি পারিবারিক জমিসংক্রান্ত বিরোধ। দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে জমি দখল করে রাখার অভিযোগ রয়েছে। এ নিয়ে এর আগেও থানায় অভিযোগ দেয়া হয়েছিল।’