বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন। নয়া দিগন্ত

রাজশাহী বিশ্ববিদ‌্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদ এবং ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কর্মরত সাংবাদিকরা।

Advertisement

সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস) ও বিশ্ববিদ্যাল্যে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বেরোবি সাংবাদিক সমিতির দফতর সম্পাদক ও সমকাল প্রতিনিধি সাজ্জাদুর রহমান বলেন, ‘এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। এভাবে চলতে থাকলে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে সাংবাদিকতার অন্ধকার যুগ নেমে আসবে।’

বেরোবি সাংবাদিক সমিতির সভাপতি ও এশিয়া পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু সাঈদ বলেন, ‘গতকাল রাবিতে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মী-সমর্থকরা যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। সাংবাদিকদের ওপর হামলা করা মানে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত করা। সাংবাদিকদের গলা চেপে ধরা মানে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের গলা চেপে ধরা।’

তিনি আরো বলেন, ‘বিনা কারণে হামলা করা শাস্তিযোগ্য অপরাধ। আমরা এই হামলার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত প্রত্যেককে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের কাছে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকিব সরকার বলেন, ‘এ ধরনের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। এভাবে চলতে থাকলে একসময় সাংবাদিকদের কলম থেমে যাবে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে দেশের প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সজাগ করার জন্যই আমাদের এ কর্মসূচি।’

মানববন্ধনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কারুজ্জামান পুলক, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের জায়েদ, দফতর সম্পাদক সাজ্জাদুর রহমান, বেরোবি প্রেসক্লাবের সভাপতি গাজী আজম, সাধারণ সম্পাদক সাকিব সরকারসহ বিশ্ববিদ্যাল্যে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর রাতে রাবির শহীদ জিয়াউর রহমান হলের সামনে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করা ছাত্রদল নেতা-কর্মীদের ভিডিও ধারণ করতে গেলে সমকাল, বিডিনিউজ২৪ ডটকম, দ্য ডেইলি স্টার, আগামীর সময়সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।