দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়
দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নয়া দিগন্ত

খাগড়াছড়ির দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস যৌথভাবে এ সভা আয়োজন করে।

Advertisement

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনাথ আশ্রম আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: আক্কাস আলীর পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া।

সভাপতির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, ‘শিক্ষকরা তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমে আসছেন, এমন ঘটনা কোনো দেশের জন্যই সুখকর বিষয় নয়। সরকার শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখছে। আশা করছি, খুব দ্রুত শিক্ষকদের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।’

হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেব প্রিয় বড়ুয়া বলেন, ‘শিক্ষকরা একটি দেশের জাতীয় মুকুট। অথচ আজ শিক্ষকদের নিজেদের অধিকার ও সম্মান আদায়ের জন্য রাজপথে নামতে হচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক। শিক্ষকদের সম্মান ও মর্যাদা ধরে রাখতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত জাতীয়করণের উদ্যোগ নেয়া প্রয়োজন।’

তিনি বলেন, ‘শিক্ষকদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেয়া হলে তাদের কষ্ট অনেকটাই দূর হবে এবং সমাজে শিক্ষকদের মর্যাদা আরো সুদৃঢ় হবে।’

উত্তর রেংকাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উষা আলো চাকমা বলেন, ‘শিক্ষকরাই জাতি গড়ার কারিগর। অথচ সেই শিক্ষকদের নিজেদের অধিকার ও সম্মান আদায়ের জন্য রাস্তায় নামতে হচ্ছে। অনেক শিক্ষক নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন না, এমনকি অবসর-পরবর্তী পেনশন নিয়েও নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন।’

আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা, বেতন-ভাতা, অবসরকালীন সুবিধা এবং শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

সভায় দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক যোগ সাধন চাকমা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রাপ্রচাই মারমা, ছোট মেরুং আশরাফিয়া দাখিল মাদরাসার সুপার মো: আসলাম উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জেসমিন চাকমাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।