
নজরুল বর্ষ পালন উপলক্ষে খুলনায় শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে নগর ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
অনুষ্ঠানে প্রধান অতিথি কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালকে জাতীয় কবি নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ ঘোষণা করেছেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় দেশব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নজরুল বর্ষ পালন করছে। এরই অংশ হিসেবে খুলনা সিটি করপোরেশনের এই আয়োজন।’
তিনি বলেন, ‘জাতীয় পর্যায়ে নজরুল চর্চা ও সংরক্ষণ, ভবিষ্যৎ প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, ছাত্র-ছাত্রীদের মাঝে সৃজনশীলতা বিকাশ ও প্রতিভা অন্বেষণ এবং জাতীয় পর্যায়ে একতা ও সম্প্রীতি জোরদার করার উদ্দেশ্যে দেশব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।’
তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয় অর্জনকারী সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানান। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে অবিচল, অসাম্প্রদায়িক ও বিদ্রোহী চেতনা ধারণ করে সমাজের সকল অনিয়ম, অবিচার ও অনাচার দূর করে একটি সুন্দর সমাজ গড়ার প্রত্যয় গ্রহণের আহ্বান জানান কেসিসি প্রশাসক।
এর আগে মহানগরীর সকল কিন্ডারগার্টেন, প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, এবতেদায়ী, দাখিল, আলিম ও ফাজিল শ্রেণির শিক্ষার্থীদের ‘ক’ ও ‘খ’ গ্রুপে নয়টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিষয়গুলো হচ্ছে নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয় একক, নৃত্য একক, রচনা, উপস্থিত বক্তৃতা, ইসলামিক সঙ্গীত/গজল, নজরুল সাহিত্যভিত্তিক একক অভিনয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক প্রত্যেক বিভাগের প্রথম স্থান অর্জনকারীদের আজ পুরস্কার দেয়া হয়। প্রতিযোগিতায় বিজয়ীরা পরে জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মো: রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান।
অনুষ্ঠান পরিচালনা করেন নজরুল বর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ও সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








