মাদরাসার জমি দখলের চেষ্টা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন
মাদরাসার জমি দখলের চেষ্টা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন। নয়া দিগন্ত

জামালপুরে মাদরাসার কর্মচারী ও জমিদাতার ছেলেকে মারধরের ঘটনায় মানববন্ধন করেছেন চরথার্থপুর দাখিল মাদরাসার শিক্ষক, কমর্চারী ও শিক্ষার্থীরা।

Advertisement

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মাদরাসা সংলগ্ন বারুয়ামারী-জামালপুর রাস্তার পাশে আয়োজিত মানববন্ধনে স্থানীয় এলাকাবাসীও অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী চক্র গোপনে মাদরাসার জমির ভুয়া কাগজপত্র তৈরি করে তা নিজেদের নামে লিখে নিয়েছে। এই জালিয়াতি চক্রের প্রধান হোতা সিরাজুলের ছেলে জহুরুল। চক্রটি মাদরাসার পরিচালনা কমিটি কিংবা জমিদাতার পরিবারকে কোনো কিছু না জানিয়েই গোপনে জমির আরএস রেকর্ড সংশোধনের কাজ সম্পন্ন করে।

মাদরাসা কর্তৃপক্ষ এই জালিয়াতির বিষয়টি জানতে পেরে আদালতের দ্বারস্থ হয়। বর্তমানে জমি সংক্রান্ত এই মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।

মাদরাসার কর্মচারী ফিরোজ আহমেদ জানান, গতকাল (রোববার) সকালে তিনি স্থানীয় ফেরিঘাটে বাজার করতে গিয়েছিলেন। সেই সময় আকস্মিকভাবে তাকে একটি ঘরের ভেতর আটকে রেখে তালাবদ্ধ করা হয় এবং লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করা হয়। একইসাথে তাকে প্রাণনাশের হুমকিও দেয়া হয়।

ফিরোজ আহমেদ আরো অভিযোগ করেন, চক্রটি শুধু তাকেই নয়; মাদরাসার সুপারসহ অন্য সকল শিক্ষককে পর্যায়ক্রমে মারধর করা হবে বলে প্রকাশ্যে হুমকি দেয়।

মাদরাসার সুপার মাওলানা ফজলুর রহমান জানান, কর্মচারী ফিরোজ আহমেদকে মারধরের পাশাপাশি জমিদাতার ছেলে আব্দুল হালীম মনন মিয়াকেও মারধর করেছে সুলাইমান ও তার ছেলে আনোয়ার হোসেন। তিনি এই প্রকাশ্য হামলার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এর সঠিক ও সুষ্ঠু বিচার দাবি করেন।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন লক্ষ্মীরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকরামুল হক, মাদরাসার সহকারী শিক্ষক গোলাম ফারুক, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মুজিবর রহমান এবং হামলার শিকার কর্মচারী ফিরোজ আহমেদ ও জমিদাতার ছেলে আব্দুল হালীম মনন মিয়া প্রমুখ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ন্যাক্কারজনক জালিয়াতি ও হামলার ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সঠিক বিচার করা না হলে আগামীতে তাদের আন্দোলন চলমান থাকবে।