
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাবিবুর অটো হাউজের মালিক হাবিবুর রহমানকে (৩৫) ১৫ হাজার টাকা এবং আল নিহাল এন্টারপ্রাইজের মালিক আব্দুল মতিনকে (৩৫) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তাদের এই অর্থদণ্ড দেয়া হয়।
ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন জানান, এলপিজি গ্যাসের অতিরিক্ত দাম নেয়ার অভিযোগে প্রভাকরদী বাজারে অভিযান চালানো হয়। এ সময় অতিরিক্ত দামে এলপিজি বিক্রির প্রমাণ পাওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। অভিযানের সময় আরো কয়েকজন দোকানদার পালিয়ে যান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








