
সিলেটে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরো নয় জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এতে চলতি বছরে বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭১ জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪২ জন।
সোমবার (৫ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত নয়জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচজন, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন, হবিগঞ্জ সদর হাসপাতালে একজন ও সুনামগঞ্জ সদর হাসপাতালে দু’জন রয়েছেন।
বর্তমানে হাসপাতালে ভর্তি ৪২ জন রোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৬ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে চারজন, হবিগঞ্জ সদর হাসপাতালে আটজন ও মৌলভীবাজার সদর হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত শনাক্ত ৪৭১ জনের মধ্যে হবিগঞ্জে ২০০ জন, সুনামগঞ্জে ১০৮ জন, সিলেটে ১০১ জন ও মৌলভীবাজারে ৪৮ জন রয়েছেন। এছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরো ১৩ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছর সিলেট বিভাগে ডেঙ্গুতে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার একজন করে রয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








