হাম আক্রান্ত রোগীকে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা
হাম আক্রান্ত রোগীকে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা। ফাইল ছবি

সিলেটে হাম ও উপসর্গে টানা চতুর্থ দিন মৃত্যুহীন কেটেছে। তবে হাসপাতালগুলোতে রোগী ভর্তির চাপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম ও উপসর্গ নিয়ে নতুন করে আরো ১৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এতে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫৬ জনে।

Advertisement

সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ৮১ জনেই অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে সিলেটে ৪০৮ জন, হবিগঞ্জে ১৫৮ জন, মৌলভীবাজারে ১৫৮ জন ও সুনামগঞ্জে ৩৫৭ জন।

নতুন ভর্তি ১৫০ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৮ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬২ জন, বিশ্বনাথে একজন, মাধবপুরে পাঁচজন, ধর্মপাশায় একজন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন রয়েছে।

বর্তমানে চিকিৎসাধীন ৫৫৬ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩২ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৮৬ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয়জন, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে দু’জন, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন, কোম্পানীগঞ্জে চারজন, বিশ্বনাথে পাঁচজন, বিয়ানীবাজারে ছয়জন, গোলাপগঞ্জে ১১ জন, ফেঞ্চুগঞ্জে দু’জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬৯ জন, ধর্মপাশায় দু’জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে তিনজন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২২ জন রয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছর হাম ও উপসর্গে এ পর্যন্ত ১৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৭২ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে। জেলাভিত্তিক মোট মৃত্যুর মধ্যে সিলেটে ৭৩ জন, হবিগঞ্জে ২৮ জন, মৌলভীবাজারে ১৫ জন ও সুনামগঞ্জে ৬৬ জন রয়েছে।

অক্টোবরে প্রথম দিন একজনের মৃত্যুর পর টানা চার দিন আর কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে মৃত্যুহীন এই সময়েও হাসপাতালে রোগী ভর্তির চাপ কমেনি। আগের ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছিল ১২৭ জন।