
জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ করেছে জামালপুর ৩৫ বিজিবি।
রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতানিপাড়া বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব কসমেটিকস পণ্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, বকশীগঞ্জ উপজেলার সাতানিপাড়া সীমান্ত পিলার থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিগলকোনা গ্রামের এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় কসমেটিকসের একটি চালান উদ্ধার করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে চেইন, কানের রিং, স্কিন শাইন ক্রিমসহ বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস রয়েছে। বিজিবির হিসাবে জব্দকৃত কসমেটিক ৯৭১ পিস এবং আনুমানিক মূল্য চার লাখ ৪৫ হাজার ৫০০ টাকা।
অভিযানকালে পণ্যগুলোর মালিক বা চোরাচালানের সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি। পরে জব্দ করা কসমেটিকস কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান নয়া দিগন্তকে বলেন, ‘সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির নিয়মিত মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








