মতবিনিময়
নওগাঁয় মাদক ও টিনেজ সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে পুলিশের মতবিনিময় । নয়া দিগন্ত

মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধ এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

Advertisement

রোববার (৪ অক্টোবর) দুপুরে আত্রাই থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য শেখ মো: রেজাউল ইসলাম। 

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। 

মতবিনিময় সভায় বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সভায় মাদকের ভয়াবহতা ও এর বহুমাত্রিক ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহের নেতিবাচক সামাজিক ও পারিবারিক প্রভাব এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহারজনিত সাইবার অপরাধের বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদক থেকে দূরে থাকা, বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজকে সচেতন করা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অনলাইনে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, প্রতারণা ও সাইবার অপরাধ থেকে সুরক্ষা এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

মনমুগ্ধকর এই অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য এ ধরনের সময়োপযোগী ও সচেতনতামূলক আয়োজনের জন্য পুলিশ সুপার, নওগাঁ ও জেলা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং শিক্ষার্থীদের পুলিশ সুপারের দিকনির্দেশনা অনুসরণ করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান। সংসদ সদস্য সরাসরি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

মতবিনিময় পর্বে শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরে। সংসদ সদস্য এবং পুলিশ সুপার তাদের প্রশ্নের উত্তর প্রদান করেন। মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ, উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শিক্ষকবৃন্দসহ ঐতিহ্যবাহী বিদ্যালয়ের তিন শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিল।