
লালমনিরহাটের হাতীবান্ধায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা করতে ২০টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির এসব শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে বাইসাইকেল দেয়া হয়।
রোববার (৪ অক্টোবর) বিকেলে সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেয়া হয়। এ সময় কলেজের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রীও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তহিজার রহমান। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
কলেজ সূত্রে জানা গেছে, সংসদ সদস্যের বিশেষ বরাদ্দে শিক্ষার্থীদের জন্য এ সহায়তার ব্যবস্থা করা হয়। দূরবর্তী এলাকা থেকে কলেজে আসা দরিদ্র শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত নিশ্চিত করাই ছিল এর মূল উদ্দেশ্য।
বাইসাইকেল পাওয়া শিক্ষার্থী সাহী জানায়, তার বাড়ি কলেজ থেকে প্রায় সাত কিলোমিটার দূরে। আগে অটোরিকশায় যাতায়াতে সময় বেশি লাগত। এখন বাইসাইকেল পাওয়ায় সময়মতো কলেজে আসার পাশাপাশি পড়াশোনায়ও সুবিধা হবে।
কেতকীবাড়ীর শিক্ষার্থী কৃতি রানী বর্ণিতা বলে, ‘আমাদের মতো অসচ্ছল পরিবারের জন্য বাইসাইকেলটি অনেক উপকারে আসবে। এখন সহজেই কলেজে যাতায়াত করতে পারব। এ জন্য আমরা খুবই আনন্দিত।’
এ সময় হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, বিএনপি নেতা এম সাহেদুজ্জামান সরকার কোয়েল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আমিনুর রহমান, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সাজ্জাদুল পারভেজ, কলেজ ছাত্রদলের সভাপতি রাসেল মামুন, সদস্য সচিব আরিফুর জামান আলিফসহ কলেজের শিক্ষক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








