পুলিশ চেকপোস্টের উদ্বোধন
পুলিশ চেকপোস্টের উদ্বোধন। নয়া দিগন্ত

নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম বলেছেন, ‘বর্তমান সরকার সব ক্ষেত্রে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা আমার নির্বাচনী অঙ্গীকার ছিল। তারই অংশ হিসেবে পুলিশকে অধিক সক্রিয় করতেই এই দু’টি পুলিশ চেকপোস্ট নির্মাণ করা হলো।’

Advertisement

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁর রানীনগর ও আত্রাই উপজেলায় পৃথক দু’টি পুলিশ চেকপোস্ট কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চেকপোস্ট দু’টির একটি রানীনগর উপজেলার পঞ্চগ্রাম এলাকায় ও অপরটি আত্রাই উপজেলার রামপুর মৌজায় স্থাপন করা হয়।

পুলিশ চেকপোস্ট কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, আত্রাই উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো: মনিরুজ্জামান, রানীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল হাসান, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম, রানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডলসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আত্রাই ও রানীনগর উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে বেশকিছু দিন থেকে সন্ধ্যার পর চুরি, ছিনতাই, ডাকাতি, হত্যার মতো ঘটনা ঘটে আসছে। এজন্য নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো: রেজাউল ইসলামের ব্যক্তিগত আর্থিক সহায়তায় আসনভুক্ত রানীনগর উপজেলার পঞ্চগ্রাম এলাকায় ও আত্রাই উপজেলার রামপুর মৌজায় দু’টি পুলিশ চেকপোস্ট নির্মাণ করা হয়।