
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। এই কর্মসূচি আগামী ১০ অক্টোবর পর্যন্ত চলবে।
রোববার (৪ অক্টোবর) বাদ আসর ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব থেকে শুরু হয়ে কুমারশীলমোর, কালাইশিপাড়া ও কোটরোড এলাকায় পথচারী, ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে জামায়াতের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা শাখা।
কর্মসূচিতে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশ শূরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোবারক হোসেন বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় পৌরবাসী কাঙ্ক্ষিত নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পৌর এলাকার সর্বত্র অব্যবস্থাপনা বিরাজ করছে। বর্জ্য ব্যবস্থাপনায় পৌরসভার উদাসীনতার কারণে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। আমাদের বাসাবাড়িতে অযথা ময়লা জমিয়ে রেখে ডেঙ্গুর বিস্তার করতে দেবো না। আমরা সচেতন হলে এই মহামারী থেকে বেঁচে থাকব। তাই ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
লিফলেট বিতরণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জুনায়েদ হাসান, পৌরসভার আমির মাওলানা শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র পদপ্রার্থী ও জেলা এনডিএফের সভাপতি ডা: আবু হানিফ, সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডা: মো: ফরিদ উদ্দিন আহমেদ, কাউন্সিলর পদপ্রার্থী হাফেজ কাউছারসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








