
‘আমার বিরুদ্ধে চাঁদাবাজির একটা প্রমাণ দিতে পারলে চিরজীবনের জন্য রাজনীতি ছেড়ে দেবো’ বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি মির্জা ফখরুল ইসলামের ছোট ভাই মির্জা ফয়সল আমীন।
তিনি বলেন, ‘আপনি বলে বেড়ান আপনি কম্বল দিয়েছেন, ছাগল দিয়েছেন — আপনি এতো কিছু দেন, কিন্তু নিজের অর্থে দেন না। ডোনেশন নিয়ে দেন, আসলে এ ডোনেশনটা কি? আপনারা নিলে ডোনেশন আর আমরা দিলে সেটা চাঁদাবাজি হয়ে যায়। আপনাদেরকে মানুষ ডোনেশন দেয় আর আমাদেরটা চাঁদাবাজি — এসব প্রপাগান্ডা বন্ধ করেন।’
রোববার (৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সুগার মিলের শ্রমিকদের সাথে মতবিনিময়কালে প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের সম্প্রতি দেয়া বক্তব্যের জবাবে এসব কথা বলেন তিনি।
মির্জা ফয়সল বলেন, ‘মানুষের চরিত্র হনন করার জন্য আপনারা এক পায়ে লাফিয়ে যান, এটা সঠিক না — এটা কোনো ধর্মেই অ্যালাউ করে না। আসুন আমরা এসব জায়গা থেকে সরে গিয়ে একটি সুন্দর-সাবলীল, প্রেমময়, ভালোবাসার বাংলাদেশ গড়ে তুলি, একটি সুন্দর সমাজ গড়ে তুলি।’
তিনি আরো বলেন, ‘আমার প্রতিপক্ষের মানুষকে আমার বড় ভাই (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) গত নির্বাচনের সময় বলেছিলেন দেলাওয়ার খুব ভালো ছেলে। আমরা কাউকে খারাপ ছেলে বলি না। সেটা আমাদের অভ্যাসে নেই — আমাদের প্র্যাকটিসে নেই। তিনি ভালো মানুষকে ভালো বলেন। তার মানে কি তিনি এই কথা বলেছেন ফয়সল খারাপ ছেলে?’
মির্জা ফয়সল আমীন বলেন, ‘গত নির্বাচনে তারা সমানে বেহেস্তের টিকিট বিক্রি করেছে। কতজন এখন পর্যন্ত বেহেস্তের টিকিট পেয়েছে তা আমরা জানি না। আপনারা হয়তো জানতে পারেন, আমি কিন্তু জানি না। আমরা মনে করি পৃথিবীকে বেহেস্ত বানানোর জন্য আমাদের কর্ম, আমাদের চেষ্টাই অনেক বেশি প্রয়োজন। পৃথিবীটাকে সুন্দর করা প্রয়োজন, ঠাকুরগাঁওকে সুন্দর করা প্রয়োজন, বাংলাদেশকে সুন্দর করা প্রয়োজন। মানুষে মানুষে হিংসা-বিদ্বেষ, জিঘাংসা বন্ধ করা প্রয়োজন।’
নির্বাচনকালীন মতবিনিময় সভায় জেলা বিএনপির সহ-সভাপতি মো: আলম, ঠাকুরগাঁও সুগার মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: হুমায়ুন কবীর, মহাব্যবস্থাপক (কৃষি) আবু রায়হান, বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ও ঠাচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আবদুল্লাহ্ আল মাহমুদ খাঁন রতনসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








