
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ‘ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি নগরীর প্রতিটি বাসাবাড়ি ও প্রতিষ্ঠানের আশপাশ পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন ও পরিত্যক্ত পাত্রে পানি জমে থাকলে তা নিয়মিত অপসারণ করতে হবে। সিটি করপোরেশনকে এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নিতে হবে। নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। একই সাথে মশার প্রজননস্থল চিহ্নিত করে কার্যকরভাবে মশক নিধন কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে।’
রোববার (৪ অক্টোবর) বিকেলে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর রিকাবীবাজার এলাকায় মহানগরীর কোতোয়ালি পশ্চিম থানা জামায়াত আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ ফখরুল ইসলাম আরো বলেন, ‘নাগরিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে আইনের শাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা জরুরি। নগরীর পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধন কার্যক্রমে কোনো ধরনের অব্যবস্থাপনা বা অনিয়ম থাকলে তা নিয়মতান্ত্রিকভাবে প্রতিরোধ করতে হবে। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ এবং জনগণের অধিকার ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে একটি বাসযোগ্য নগরী গড়ে তোলা সম্ভব। নাগরিকদেরও আইন মেনে চলার পাশাপাশি জনস্বার্থে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করতে হবে।’
এ সময় স্থানীয়দের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
থানা আমির মু. আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি পারভেজ আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত।
এ সময় উপস্থিত ছিলেন—থানা নায়েবে আমির অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল হাকীম প্রমুখ।
এ সময় কোতোয়ালি পশ্চিম থানা জামায়াত ও বিভিন্ন ওয়ার্ড-ইউনিটের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








