
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাসে ক্লিনিং ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে রোববার (৪ অক্টোবর) সকালে লিডিং ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিনের নেতৃত্বে র্যালি বের করা হয়। র্যালি-পরবর্তীতে ক্যাম্পাসের বিভিন্ন যায়গায় পরিছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করে ভিসি অধ্যাপক ড. তাজ উদ্দিন বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি-বেসরকারি ও সামাজিক উদ্যোগকে সমন্বিত করার লক্ষ্যে লিডিং ইউনিভার্সিটিতে এ কর্মসূচি নেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘এডিস মশার প্রজননস্থল (ছাদ, বেলকনি, ফুলের টব, ডাবের খোসা, প্লাস্টিক বোতল ও পরিত্যক্ত টায়ার ও বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের আশপাশের যায়গা) নিয়মিত পরিষ্কার রাখা এবং জমানো পানি ফেলে দেয়ার ব্যবস্থা করতে হবে।’
তিনি ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবেলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে দেশের সব প্রতিষ্ঠানের সাথে সম্মিলিত প্রয়াসে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো: মাহবুবুর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








