ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা। নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পণ্যের মোড়কে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে স্থানীয় প্রশাসন।

Advertisement

রোববার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার হাবিবপুর থানা রোড বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা করা হয়।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মামুন সরকার।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নারায়গঞ্জ জেলার পাট অধিদফতরের মূখ্য পরিদর্শক মো: এনায়েত হোসেন। এছাড়াও অভিযানে সহায়তা করেন সহকারী কমিশনার ভূমির কম্পিউটার অপারেটর আতাউর রহমানসহ সোনারগাঁও থানা পুলিশের একটি টিম। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর ১৪ ধারায় মোগরাপাড়া চৌরাস্তার হাবিবপুর থানা রোড বাজার এলাকার তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

এ সময় মেসার্স নিঝুম রাইস অ্যাজেন্সির স্বত্বাধিকারী মো: নবী হোসেনকে ছয় হাজার, আব্দুর রহমান দুলাল রাইস অ্যাজেন্সিকে ছয় হাজার ও সোনারগাঁও খাদ্য ভান্ডারের স্বত্বাধিকারী সাকিমুল করিম আদনকে ছয় হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে দেখা যায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নির্ধারিত পণ্যের মোড়ক হিসেবে পাটজাত বস্তা বা মোড়ক ব্যবহার না করে আইন লঙ্ঘন করে ব্যবসা পরিচালনা করছিল। এ কারণে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মামুন সরকার জানান, পরিবেশবান্ধব পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করা এবং সরকারি আইন বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।