নিরাপদ সড়কসহ চার দফা দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন
নিরাপদ সড়কসহ চার দফা দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন। নয়া দিগন্ত

নিরাপদ সড়কসহ চার দফা দাবিতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আমানতুল্যা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার সাধারণ মানুষ।

Advertisement

রোববার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বুড়িমারী ঘুন্টি বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারের কাছে চার দফা দাবি জানান। এসব দাবির মধ্যে রয়েছে— লালমনিরহাট-বুড়িমারী সড়ক চার লেনে উন্নীত করা, বেপরোয়া গাড়ি চালানো এবং অনিয়ন্ত্রিত ভারী গাড়ি চলাচল কঠোরভাবে বন্ধ করা, সড়কে প্রয়োজনীয় নিরাপত্তা অবকাঠামো উন্নত করা এবং ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মানবন্ধন কর্মসূচিতে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অবিভাবকসহ এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় তারা ঘুন্টি বাজার থেকে বেলতলী বাজার পর্যন্ত সড়কের দুই পাশে হাতে ব্যানার নিয়ে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন চলাকালে বুড়িমারী স্থলবন্দরের পণ্যবাহী ট্রাকসহ সব ধরনের যান চলাচল সাময়িক বন্ধ ছিল।

মানববন্ধনে বক্তব্য রাখেন আমানতুল্যা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু কাওসার আলম, সহকারী শিক্ষক সুদর্শন রায়, বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, বিসমিল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল আকবার বিন আফসার প্রমুখ।

বক্তারা বলেন, শুধু মৌখিক প্রতিশ্রুতি নয়, আমরা চাই চার দফার যথাযথ বাস্তবায়ন। কারণ এই সড়কে অসংখ্য প্রাণ ঝরে যাচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না।

মানববন্ধন শেষে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ও পাটগ্রাম থানার অফিসার ইনচার্জকে (ওসি) স্বারকলিপি প্রদান করা হয়। 

মানববন্ধনে উপস্থিত হয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, আমরা আপনাদের কষ্ট বুঝি, কারণ আমাদেরও পরিবার আছে। দুর্ঘটনায় দায়েরকৃত মামলার সুষ্ঠু তদন্ত চলছে। ক্ষতিগ্রস্তরা যাতে সঠিক বিচার এবং ক্ষতিপূরণ পায়, তা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। 

উল্লখ্য, ২৮ সেপ্টেম্বর সকালে ঘুন্টি বাজারে ট্রাকের সাথে ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও ছয়জন গুরুতর আহত হন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।