কাউখালী থানা
কাউখালী থানা। নয়া দিগন্ত

পিরোজপুরের কাউখালীতে নিজ ঘর থেকে জেসমিন বেগম (৫০) নামে এক গৃহবধূর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। 

Advertisement

রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের বেলতলা বান্দাকান্দা এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

মৃত জেসমিন ওই এলাকার মরহুম কেরামত আলীর স্ত্রী ও আফজাল হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে জেসমিন বাড়িতে একাই ছিলেন। বাড়িটি নির্জন এলাকায় হওয়ায় আশপাশে তেমন কোনো প্রতিবেশী নেই। রোববার সকালে স্থানীয় এক কিশোর ওই বাড়িতে সুপারি পাড়তে এসে জেসমিনতে ডাকাডাকি করে। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সে বাড়ির পেছনের দিকে গিয়ে ঘরের ভেতরে খাটের ওপর তার বিবস্ত্র লাশ পড়ে থাকতে দেখে। এ সময় ঘরের মালামাল ছড়িয়ে-ছিটিয়ে ও এলোমেলো অবস্থায় ছিল।

স্থানীয়দের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় ঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে লুটপাটে বাধা দেয়া কিংবা দুর্বৃত্তদের চিনে ফেলার কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ ও লুটপাটের ঘটনা ঘটেছে কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে পিরোজপুরের পুলিশ সুপার, সিআইডির তদন্ত দল ও কাউখালী থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সিআইডির কারিগরি দল অপরাধের আলামত সংগ্রহ করে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

কাউখালী থানার ওসি মো: আনোয়ার হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া ও মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।