
চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আটক হওয়া জালাল মালিথা নামে এক ব্যক্তিকে মাদক মামলায় আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৪ অক্টোবর) দুপুরে আসামির উপস্থিতিতে বিশেষ দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত জালাল মালিথা চুয়াডাঙ্গা পৌর এলাকার কানাপুকুর পাড়ার মরহুম আলতাফ হোসেনের ছেলে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ২৮ মার্চ সন্ধ্যায় চুয়াডাঙ্গা অ্যাকাডেমি মোড় এলাকায় মাদক পাচারের খবর পায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল। তাৎক্ষণিক সেখানে অবস্থান নিয়ে ঢাকাগামী বাসের এক যাত্রীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তার হাতের ব্যাগ তল্লাশি করে ৮৯৯ পিস বুপ্রেনরফাইন ইনজেকশন জব্দ করা হয়।
এ ঘটনার পরদিন (২৯ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সদর থানায় মামলা করেন। মামলাটির তদন্ত শেষে ২০২১ সালের ১২ মে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন।
রাষ্ট্রপক্ষ মামলার নয়জন সাক্ষীর মধ্যে চারজনের সাক্ষ্যগ্রহণ ও প্রামাণ্য দলিল উপস্থাপন করেন। আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ বিচার-বিশ্লেষণ শেষে রোববার আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় প্রদান করেন।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








