ডেঙ্গু
ময়মনসিংহের ম্যাপ। ফাইল ছবি

ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে খালেদা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে।

Advertisement

রোববার (৪ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা বেগমের মৃত্যু হয়। তিনি ধোবাউড়া উপজেলার লাল মাহমুদের স্ত্রী। ডেঙ্গু জ্বর নিয়ে গত ২ অক্টোবর বিকেলে ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকালপারসন ডা: মো: সেলিম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর উপসর্গ নিয়ে আরো ৬১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ জন। বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত ১১৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে ৪ অক্টোবর পর্যন্ত ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু নিয়ে মোট তিন হাজার ২২৩ জন রোগী ভর্তি হয়েছেন।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা: মাইন উদ্দিন খান বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২৫ জনে দাঁড়িয়েছে। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় বিশেষ নজর দেয়া হচ্ছে এবং ভর্তি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করছে।’