সড়ক দুর্ঘটনা, স্কুলছাত্র, নিহত
প্রাইভেট পড়তে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত হয়েছে। প্রতিকী ছবি

যশোরের চৌগাছায় প্রাইভেট পড়তে যাওয়ার সময় পিকআপভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী জুবায়ের হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুই স্কুলছাত্র আহত হয়েছে। 

Advertisement

রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলার চৌগাছা মহেশপুর সড়কের ফাঁসতলা বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। চৌগাছা থানার ওসি  মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত জুবায়ের উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের আব্দুল আলিম দফাদারের ছেলে। আহতরা হলো একই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে লিখন হোসেন (১৫) ও অসিম উদ্দীনের ছেলে ফাহিম হাসান (১৫)। তারা তিনজন চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে জুবায়ের, লিখন ও ফাহিম মোটরসাইকেলযোগে প্রাইভেট পড়তে যাচ্ছিল। এ সময় ফাঁসতলা বাজার নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান মোটারসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন। আহত দুজনের অবস্থা গুরুতর না হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার সুরাইয়া পারভীন বলেন, ‘হাসপাতালে আনার আগেই জুবায়েরের মৃত্যু হয়।‘