সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা। ফাইল ছবি

ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাতপরিচয় গাড়ির ধাক্কায় ছমর আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

Advertisement

রোববার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কের হাইওয়ে থানার সামনে এই ঘটনা ঘটে। 

নিহত সমর আলী জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কুড়ালচর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি পিকআপযোগে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে নির্মাণাধীন একটি ভবনের পাইলিংয়ের কাজ করতে যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনায় যাওয়ার সময় ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিকআপ থামিয়ে সকালের নাস্তা করেন ছমর আলী। হোটেল থেকে নাস্তা করার পর মহাসড়কের দক্ষিণ পাশ থেকে উত্তর দিকে তাদের বহনকারী পিক-আপের দিকে তিনি হেঁটে যাচ্ছিলেন। 

এ সময় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী অজ্ঞাতপরিচয় একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিক্যাল অফিসার আরএমও ডা: মামুনুর রহমান মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (এসআই) মো: সোহেল খান জানান, খবর পেয়ে ভোরে  হাইওয়ে থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের মধ্যে দিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।