
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। নগরী শাহপরান পশ্চিম থানার ৩৬ নম্বর ওয়ার্ড জামায়াত এ কর্মসূচি আয়োজন করে।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে নগরীর বালুচর এলাকায় স্থানীয়দের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে এ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল বলেন, ‘নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় সিলেট নগরবাসী কাঙ্ক্ষিত নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। নগরীর সর্বত্র অব্যবস্থাপনা বিরাজ করছে। বর্জ্য ব্যবস্থাপনায় সিসিকের উদাসীনতার কারণে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। দ্রুত নির্বাচনের মাধ্যমে জনবান্ধব জনপ্রতিনিধি নির্বাচিত না হলে জনদুর্ভোগ আরও বাড়বে।’
ড. নূরুল ইসলাম বাবুল বলেন, ‘আমি এ নগরীর সন্তান। এখানেই আমার বেড়ে ওঠা। তাই নগরীর প্রতিটি সমস্যা সম্পর্কে আমি অবগত। সবার সাথে সমন্বয়ের মাধ্যমে পরিচ্ছন্ন সিলেট নগরী গঠতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।’
৩৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি সাইফুল্লাহ মোহাম্মদ তোফায়েলের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ গোলাম রাব্বানীর পরিচালনায় কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, শাহপরান পশ্চিম থানা আমির মুহাম্মদ শাহেদ আলী, থানা সহকারী সেক্রেটারি ও সাবেক ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোহেল আহমদ রিপন এবং থানার প্রচার ও মিডিয়া সম্পাদক আহমেদ আল মাসুদ বক্তব্য রাখেন।
কর্মসূচিতে ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী তারেক হাসান, জামায়াত নেতা ইকবাল আহমদ বাদল, সামসুল আলম, শ্রমিক নেতা সাজ্জাদ আলীসহ ৩৬ নম্বর ওয়ার্ড জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








