বক্তব্য রাখছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন
বক্তব্য রাখছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন। নয়া দিগন্ত

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন বলেছেন, ‘কৃষিপণ্যকে দেশের প্রধান রফতানি পণ্যে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করছে।’

Advertisement

এ বছর এখন পর্যন্ত দেশের বাইরে থেকে কোনো পেঁয়াজ আমদানি করতে হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘একদিন বাংলাদেশ পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্য বিদেশে রফতানি করবে।’

শনিবার (৩ অক্টোবর) কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউশন ফোরাম (টিভিইটি) আয়োজিত তিন দিনব্যাপী কারিগরি শিক্ষা ও উদ্ভাবনী মেলার দ্বিতীয় দিনে ‘টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তার জন্য কারিগরি শিক্ষা ও উদ্ভাবন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘পৃথিবীতে খাবারের অভাব না থাকলেও নিরাপদ খাবারের মারাত্মক ঘাটতি রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে কৃষিতে কীটনাশকের ব্যবহার কমিয়ে নিরাপদ ও টেকসই উৎপাদনের দিকে যেতে হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের মাটি, আবহাওয়া, আলো-বৃষ্টি ও প্রাকৃতিক পরিবেশ কৃষি উৎপাদনের জন্য অত্যন্ত অনুকূল। পাশাপাশি এ দেশের মানুষও পরিশ্রমী। এসব সম্ভাবনাকে কাজে লাগিয়ে কৃষি উৎপাদন আরো বাড়ানোর সুযোগ রয়েছে।’

কৃষিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন, ‘এর ফলে মানুষের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ও টেকসই কৃষির দিকে যেতে হবে।’

কৃষিকাজে কোনো লজ্জা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘মাঠে যেতে হবে এবং নিজের ফসল নিজেকেই উৎপাদন করতে হবে। সীমিত সম্পদ নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে এবং এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।’

কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) রোজী আক্তারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো: ইউসুফ মোল্লা টিপু।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মো: সাখাওয়াত হাসান। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজের অধ্যক্ষ পরমানন্দ গোস্বামী।