বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের গ্রেফতারের নিঃশর্ত মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ
বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের গ্রেফতারের নিঃশর্ত মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ। নয়া দিগন্ত

বীর মুক্তিযোদ্ধা মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামানের গ্রেফতারের প্রতিবাদ ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Advertisement

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামসংলগ্ন বটতলা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরান থানা এলাকার শহীদি মসজিদ প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়।

মিছিলে ‘চোর চোর-লাগেজ চোর, আমার লাগেজ ফেরত দে’, ‘লাগেজ চোরের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আখতার ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’— ইত্যাদি স্লোগান দেন নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলায় যে অভিযোগ আনা হয়েছে, সেগুলো অজুহাতমাত্র। তারেক রহমানের সমালোচনা করার কারণেই প্রতিহিংসাবশত তাকে গ্রেফতার করা হয়েছে।

বক্তারা আরো বলেন, বিমানবন্দরের অনিয়ম নিয়ে কথা বলে বীর মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান ‘লাগেজ চোর সিন্ডিকেটের কলিজায় হাত দিয়েছেন’।

তাদের দাবি, ওই সিন্ডিকেটে সরকারের শীর্ষ পর্যায়ের লোকজন জড়িত থাকার বিষয়টি নিয়েও তিনি কথা বলেছেন। এ কারণেই সরকার তার ওপর ক্ষুব্ধ হয়েছে।

সমাবেশে বক্তারা অনতিবিলম্বে বীর মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানান। তা না হলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন তারা।

বক্তারা বলেন, সরকারের অনিয়ম-দুর্নীতির সমালোচনা করার সুযোগ নেই। মানুষের বাকস্বাধীনতা হরণ করা হচ্ছে। বিমানবন্দরের লাগেজ চুরি নিয়ে কথা বলায় সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা শহরের বিভিন্ন ওয়ার্ড ও বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

জেলা জামায়াতের শহর আমির আ ম ম আব্দুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা আমির অধ্যাপক মো: রমজান আলী, নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সদর উপজেলা আমির মাওলানা কারী নজরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলার সভাপতি খালেদ হাসান জুম্মন প্রমুখ।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কিশোরগঞ্জ জেলা সভাপতি ছিলেন। ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।