
বাগেরহাটের মোরেলগঞ্জে ডাববোঝাই নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন। তাদের মধ্যে গুরুতর আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের দোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মোরেলগঞ্জের দোনা এলাকার বাবুল মোল্লার ছেলে রিমন মোল্লা (২৫), নজরুল খানের ছেলে আমিন খান (২২) ও জামাল মাস্টারের ছেলে সোয়েব (১৬)।
আহতদের মধ্যে রয়েছেন— বাবুল খানের ছেলে মোহাম্মদ রিয়াদ, গুলিসাখালী এলাকার লুৎফর হাওলাদারের ছেলে রিয়াজুল ইসলাম, মো: সিয়াম, পিরোজপুরের লক্ষণ চন্দ্র দাসের ছেলে উজ্জ্বল চন্দ্র দাস, অপর্ণা দাস ও তার আড়াই বছর বয়সী শিশু উমা দাস।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডাববোঝাই একটি নসিমনের সাথে বিপরীত দিক থেকে আসা একটি জিক্সার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আরো দু’টি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই রিমন মোল্লা ও আমিন খান মারা যায়। গুরুতর আহত সোয়েবকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত ছয়জনকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে গুরুতর আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরি থেকে ওঠার পর ডাববোঝাই নসিমনটি বেপরোয়া গতিতে চালাচ্ছিল চালক। এছাড়া বিপরীতমুখী মোটরসাইকেলের আরোহীরা হেলমেটবিহীন ছিল। ঘটনার পর নসিমন চালক ও হেলপার পালিয়ে যায়।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা: মো: সিফাত খান জানান, দুর্ঘটনায় নিহত তিনজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। এছাড়া আহত অবস্থায় ছয়জন হাসপাতালে আসেন। তাদের মধ্যে গুরুতর আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে মোরেলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। এ সময় স্থানীয়রাও উদ্ধারকাজে সহযোগিতা করেন।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল্লাহ বলেন, দোনা কালিকাবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে এবং আহত হয়েছে ছয়জন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করছে। নিহতদের পুলিশ হেফাজতে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








