
মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখান থানা পুলিশকে মুন্সীগঞ্জ-১ আসনের এমপি মো: আব্দুল্লাহ ও বিএনপি নেতাদের নিজস্ব অর্থায়নে ছয়টি পিকআপভ্যান দেয়া হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এমপি আব্দুল্লাহ পুলিশের অ্যাডিশনাল আইজি এ কে এম আওলাদ হোসেনের কাছে গাড়িগুলোর চাবি হস্তান্তর করেন।
দীর্ঘদিন শ্রীনগর ও সিরাজদিখান থানা পুলিশ যানবাহন সঙ্কটে ভুগছিল। এতে অপরাধ দমনসহ পুলিশের স্বাভাবিক কাজ বাধাগ্রস্থ হচ্ছিল। পুলিশ জানায়, গাড়িগুলো পাওয়ায় শ্রীনগর ও সিরাজদিখান থানা পুলিশের কাজে গতিশীলতা বাড়বে।
শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান জানান, দুই উপজেলার আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা হিসেবে থানার কাজে গাড়ির অপ্রতুলতা মুন্সীগঞ্জ-১ আসনের এমপি আব্দুল্লাহর নজরে আসে। বিষয়টি দলীয় নেতারা জানতে পেরে এমপির সাথে তারা গাড়ি ক্রয়ের অর্থায়নে অংশ নেন।
মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মো: মেনহাজুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান, মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো: আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ, শ্রীনগর থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি ধীরেন কুদ্দুস, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক হায়দার আলী প্রমুখ।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








