নিহত স্কুলশিক্ষক আলমগীর প্রধান
নিহত স্কুলশিক্ষক আলমগীর প্রধান। নয়া দিগন্ত

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর প্রধান (৪৭) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

Advertisement

শনিবার (৩ অক্টোবর) বিকেলে দেবীগঞ্জ মিনি স্টেডিয়ামের পাশে দেবীগঞ্জ-সোনাহার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলশিক্ষক আলমগীর প্রধান উপজেলার রামগঞ্জ বিলাসী মণ্ডলপাড়া এলাকার খয়বর প্রধানের ছেলে। তিনি রামগঞ্জ বিলাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর প্রধান নিজেই মোটরসাইকেল চালিয়ে সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে আলমগীর প্রধান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অপর মোটরসাইকেলের চালক তন্ময় ও তার সাথে থাকা আরোহী আহত হন। তবে তাদের বিস্তারিত নাম-পরিচয় ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়দের ধারণা, অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে চিকিৎসকের সাথে কথা বলে নিহতের সুরতহাল করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।