দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নিখোঁজ রোগী গুলনাহারের সন্ধানের দাবিতে মানববন্ধন
দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নিখোঁজ গুলনাহারের সন্ধানের দাবিতে মানববন্ধন। নয়া দিগন্ত

দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নিখোঁজ হওয়া রোগী গুলনাহার বেগমের সন্ধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তার স্বজন ও এলাকাবাসী।

Advertisement

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে দিনাজপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর আলসারজনিত রোগের চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের নারী মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন নয় সন্তানের জননী গুলনাহার বেগম। প্রায় দুই মাস ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার কারণে অন্যের সহযোগিতা ছাড়া চলাফেরা করা তার পক্ষে সম্ভব ছিল না।

স্বজনরা জানান, রোগীর সাথে সারাদিন পরিবারের সদস্যরা থাকলেও রাতে তার বড় মেয়ে জাকিয়া সুলতানা রুমি হাসপাতালে অবস্থান করতেন। নিখোঁজ হওয়ার দিন ফজরের নামাজের সময়ও গুলনাহার বেগম নিজ বেডে শুয়েছিলেন। কিছু সময়ের জন্য পাশের কক্ষে গিয়ে প্রায় পাঁচ মিনিট পর ফিরে এসে তার মেয়ে দেখতে পান, গুলনাহার বেগম বেডে নেই। এরপর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, কক্ষ ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী হাসপাতালে ছুটে আসেন। দিনাজপুর শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ব্যাপক অনুসন্ধান চালিয়েও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে সেদিনই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরদিন হাসপাতাল কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ করা হয়।

স্বজনদের দাবি, হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হলেও গুলনাহার বেগমের কোনো দৃশ্য পাওয়া যায়নি। এ অবস্থায় দ্রুত সন্ধানের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে গুলনাহার বেগমের স্বামী মো: জারজিস আলী, ছেলে মুজাহিদুল ইসলাম জিম, আত্মীয়-স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

এ সময় গুলনাহার বেগমের স্বামী মো: জারজিস আলী বলেন, ‘আমার স্ত্রী নিখোঁজ হওয়ার পর থেকে পুরো পরিবার উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। একটি অসুস্থ মানুষ হাসপাতাল থেকে কোথায় গেলেন, তা খুঁজে বের করতে প্রশাসন, সাংবাদিক সমাজ ও হাসপাতাল কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করছি।’

নিখোঁজের ছেলে মুজাহিদুল ইসলাম জিম বলেন, ‘আমার মা হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় নিখোঁজ হয়েছেন। তাই ঘটনার যথাযথ তদন্ত করে তার সন্ধান বের করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। আমরা দ্রুত আমাদের মায়ের সন্ধান চাই।’

মানববন্ধনে আরো বক্তব্য দেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মজিবর রহমান, মাওলানা সাদিকুল ইসলাম ও সুন্দরবন ইউনিয়ন পরিষদের সদস্য মো: লিটন।

বক্তারা দ্রুত গুলনাহার বেগমের সন্ধান বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।