অস্ত্র, মাদক, বিজিবি
বিজিবির অভিযানে মাদক ও অস্ত্র জব্দ করা হয়েছে। নয়া দিগন্ত

কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তে অভিযান চালিয়ে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল মেথ আইসসহ পাঁচ কোটি টাকার চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি।

Advertisement

শনিবার (৩ অক্টোবর) সকালে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ২টা ৪০ মিনিটে লালমনিরহাট ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমামের নেতৃত্বে রামখানা বিওপির আওতাধীন বিভিন্ন এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। পরে পূর্ব রামখানা আশকোন নগর এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহলদল।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারতের সীমান্তের দিক থেকে আসা কয়েকজন চোরাকারবারি তাদের বহন করা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। 

বিজিবি জানায়, জব্দ অস্ত্র ও গোলাবারুদ নাগেশ্বরী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আর ক্রিস্টাল মেথ আইস প্রকৃতপক্ষে কি ধরনের মাদক, তা নিশ্চিত করতে নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হচ্ছে।

জব্দ মালামালের আনুমানিক মূল্য পাঁচ কোটি এক লাখ ২০০ টাকা বলে জানায় বিজিবি।

কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ‘দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’