কুলাউড়া শিক্ষা অফিসারের কার্যালয়
কুলাউড়া শিক্ষা অফিসারের কার্যালয়। নয়া দিগন্ত

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাথমিক শিক্ষাব্যবস্থায় দেখা দিয়েছে বড় ধরনের জনবল সঙ্কট। উপজেলার ১৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের ১৬৫টি পদই শূন্য রয়েছে। এরমধ্যে প্রধান শিক্ষকের ৬৫টি ও সহকারী শিক্ষকের ১০০টি পদ শূন্য।

Advertisement

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, কুলাউড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৯৩টি। এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অনুমোদিত পদ রয়েছে ১৯৩টি। এর বিপরীতে কর্মরত আছেন ১২৮ জন। ফলে শূন্য রয়েছে ৬৫টি পদ। অন্যদিকে সহকারী শিক্ষকের অনুমোদিত পদ ৯৮৯টি। বর্তমানে কর্মরত আছেন ৮৮৯ জন। ফলে সহকারী শিক্ষকেরও ১০০টি পদ শূন্য রয়েছে।

শুধু বিদ্যালয় পর্যায়েই নয়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসেও রয়েছে জনবল সঙ্কট। অফিসের তথ্য অনুযায়ী, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অনুমোদিত নয়টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র দুজন। ফলে এ পদে শূন্য রয়েছে সাতটি পদ।

এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের চারটি পদ, হিসাব সহকারীর একটি পদ ও অফিস সহায়কের একটি পদও শূন্য রয়েছে। 

শিক্ষক সঙ্কটের কারণে বিদ্যালয়গুলোতে নিয়মিত পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় বাড়তি চাপ তৈরি হচ্ছে বলে সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে। বিশেষ করে প্রধান শিক্ষক না থাকায় অনেক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রশাসনিক কার্যক্রম চালাতে হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা বলেন, ‘শিক্ষক পদ শূন্য থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শূন্য পদে নিয়োগ ও পদায়ন হলে শিক্ষক সঙ্কট অনেকটাই কমে আসবে। তবে বর্তমানে কর্মরত শিক্ষকদের মাধ্যমে পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নয়টি পদের মধ্যে সাতটিই শূন্য রয়েছে। ফলে বিদ্যালয়গুলো নিয়মিত পরিদর্শন ও তদারকিতে বিঘ্ন ঘটছে। পাশাপাশি কম্পিউটার অপারেটর না থাকায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের দাফতরিক কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।