
সমাজকল্যাণ মন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, প্রযুক্তি, ভাষা শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণের সাথে যুক্ত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান হবে মানুষ তৈরির ক্যাম্পাস। দলবাজির ক্যাম্পাস হবে না।’
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের প্রতি পূর্ণবিশ্বাস আছে। তরুণদের সঠিকভাবে গড়ে তুলতে খেলাধুলাকে পেশা হিসেবে নেয়ার পরিবেশ তৈরি করতে হবে।’
শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে দিনাজপুর সরকারি কলেজের হলরুমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রংপুর বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী জাহিদ হোসেন বলেন, আনন্দঘন পরিবেশে শিক্ষা নিশ্চিত করা জরুরি। ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে যুক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, ‘বিএনপি প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি যদি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করত, তাহলে ১৯৮১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার পর ১৯৯১ সালে অনেক প্রতিশোধ নেয়ার সুযোগ পেয়েছে কিন্তু বিএনপি তা করেনি।’
তিনি আরো বলেন, ‘বিগত ২০ বছর যারা ক্ষমতায় ছিলেন, তারা দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন চায়নি। কারণ, দেশের মানুষের ওপর তাদের আস্থা ছিল না। তাদের আস্থা ছিল তাদের মুরুব্বিদের ওপর। মুরুব্বিরা যতদিন তাদের ক্ষমতায় রাখতে পারবেন, ততদিনই তারা ক্ষমতায় থাকবেন— এমন ধারণা ছিল তাদের। কিন্তু ৫ আগস্টের পর মুরুব্বিরাও তাদের ক্ষমতায় টিকিয়ে রাখতে পারেননি। এরপর তারা সেই মুরুব্বিদের কাছেই আশ্রয় নিয়েছেন।’
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো: নাজমুল হোসাইন, দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মো: রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, পুলিশ সুপার (এসপি) মো: জেদান আল মুসা ও দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: লুৎফর রহমান।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








