
মেহেরপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে মেহেরপুর জেলা ডিআইটি মসজিদ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দীন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর অঞ্চল টিম সদস্য ও কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক খন্দকার এ কে এম আলী মুহসীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য মো: আব্দুল মতিন ও মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো: নাজমুল হুদা।
শিক্ষাশিবিরে সাবেক ছাত্র দায়িত্বশীলদের ভবিষ্যৎ কর্মপন্থা, নৈতিক চরিত্র গঠন ও সমসাময়িক প্রেক্ষাপটে বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়। বক্তারা ইসলামী মূল্যবোধ সমুন্নত রেখে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, সততা, জবাবদিহিতা ও সমাজ সংস্কারে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা তারবিয়াতী সেক্রেটারি আব্দুস সাত্তার, মেহেরপুর জেলা নায়েবে আমির মাওলানা মাহবুব উল আলম, সদর উপজেলা আমির সোহেল রানা, সাবেক মেহেরপুর জেলা শিবির সভাপতি অধ্যক্ষ আল আমিন ইসলাম বকুল, ইকবাল হোসেন, সাইফুল ইসলাম, সোহেল রানা ডলার প্রমুখ।
দিনব্যাপী আয়োজিত এ শিক্ষাশিবিরে জামায়াতে ইসলামী ও সাবেক ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








