
রাঙ্গামাটিতে অগ্রসর কর্মীদের নিয়ে দুই দিনব্যাপী শিক্ষাশিবিরের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা শাখা।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে শিক্ষাশিবিরের কার্যক্রম শুরু হয়। রাঙ্গামাটি জেলা জামায়াতের আমির আব্দুল আলীমের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি মনছুরুল হকের সঞ্চালনায় শিক্ষাশিবিরের উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলীমের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। শিক্ষাশিবিরে দারসুল কোরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম জোনের ইনচার্জ মাওলানা মুহাম্মদ শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম জোনের টিম সদস্য ও সাবেক চট্টগ্রাম উত্তর জেলা আমির অধ্যাপক নুরুল আমীন চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সালাম আজাদ ও খাগড়াছড়ি পার্বত্য জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ শাহজাহান বায়াতের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, ‘বায়াত একজন কর্মীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর মাধ্যমে একজন কর্মী আল্লাহর সন্তুষ্টি অর্জন, দ্বীনের পথে অবিচল থাকা এবং ইসলামী আদর্শ বাস্তবায়নে নিজেকে আরো দায়িত্বশীল করার অঙ্গীকার করেন।’
তিনি কর্মীদের কোরআন-সুন্নাহর আলোকে নিজেদের জীবন গঠন, আত্মশুদ্ধি ও জ্ঞানচর্চার পাশাপাশি সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।
তিনি বলেন, ‘দ্বীনের পথে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হলে ব্যক্তিগত আমল, নৈতিক চরিত্র ও সাংগঠনিক শৃঙ্খলার প্রতি গুরুত্ব দিতে হবে।’
দুই দিনব্যাপী এ শিক্ষাশিবিরে অগ্রসর কর্মীদের জন্য কোরআন-হাদিসের শিক্ষা, ইসলামী জীবনব্যবস্থা, আত্মগঠন, সাংগঠনিক দায়িত্ব ও কর্মীদের করণীয় বিষয়ে বিভিন্ন সেশন ও আলোচনা অনুষ্ঠিত হবে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








