
গোপালগঞ্জের মুকসুদপুরে আগুনে পাঁচটি পাটের গোডাউন পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
শুক্রবার (২ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বাটিকামারী বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাটিকামারী বাজারের ব্যবসায়ী ইবাদত মাতুব্বরের পাটের গোডাউনের শাটার ওয়েল্ডিংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত আগুনের ফুলকি পাটের ওপর গিয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই সেখানে আগুন লেগে তার চারদিকে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ইবাদতের গোডাউন থেকে আগুন দ্রুত পার্শ্ববর্তী কিবরিয়া মিয়া, মুন্নু শেখ, ফারুক শেখ ও নজরুল ফকিরের পাটের গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো: মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনে বিপুল পরিমাণ পাট পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের অন্তত ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








