সাতক্ষীরায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত শিক্ষার্থী মো: জাকারিয়া খান
দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত শিক্ষার্থী মো: জাকারিয়া খান। নয়া দিগন্ত

সাতক্ষীরায় চা বিক্রেতার সাথে খরিদ্দারের ঝগড়া থামাতে গিয়ে খরিদ্দারবেশী অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো: জাকারিয়া খান (১৯) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।

Advertisement

শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশু হাসপাতালের পাশে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী মো: জাকারিয়া খান সাতক্ষীরা পৌর শহরের কাটিয়া এলাকার রুচিরা বেকারীর মালিক মো: আব্দুর গফুর খানের ছেলে। সে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

নিহতের ফুফাতো ভাই শেখ আব্দুল্লাহ আল মামুন জানান, জাকারিয়া খান রাতে শহরের পশু হাসপাতালের পাশে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। রাত সাড়ে ১১টার দিকে ওই চায়ের দোকানদারের সাথে কয়েকজন যুবকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অজ্ঞাত যুবকরা চা বিক্রেতার ওপর চড়াও হলে পরিস্থিতি খারাপ দেখে জাকারিয়া চা বিক্রেতাকে রক্ষা করার জন্য এগিয়ে যায়।

এ সময় অজ্ঞাত ওই যুবকদের মধ্যে একজন জাকারিয়ার বুকে ও পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় দোকানদার ও পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: শোভন মল্লিক জানান, আহত ওই যুবককে হাসপাতালের জরুরি বিভাগে আনার সাথে সাথে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাকে আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ২০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। তার বুকে ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ও পুলিশ পরির্দশক (তদন্ত) মো: শাহীদুর রহমান জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সাথে কে বা কারা জড়িত সেটি ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনার সাথে জড়িত আসামিদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।