ইউরেনিয়াম, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
ইউরেনিয়াম বহনকারী কাভার্ড ভ্যান। নয়া দিগন্ত

কঠোর নিরাপত্তাবলয়ের মধ্য দিয়ে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকায় পৌঁছেছে। 

Advertisement

শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টা ২০ মিনিটের দিকে ইউরেনিয়ামবাহী বিশেষ গাড়িবহরটি প্রকল্পের অভ্যন্তরে প্রবেশ করে।

এর আগে শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে রাশিয়া থেকে তেজস্ক্রিয় জ্বালানিবাহী বিশেষ কার্গো বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শনিবার সকাল ৭টা ১৫ মিনিটে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হয় ইউরেনিয়ামবাহী বহরটি। যমুনা সেতু হয়ে নাটোরের বনপাড়া ও পাবনার দাশুড়িয়া অতিক্রম করে দুপুরের আগেই এটি রূপপুরে পৌঁছে।

প্রকল্প পরিচালক ড. কবীর হোসেন এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা চালানটি গ্রহণ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিরাপদ পরিবহন নিশ্চিত করতে ঢাকা-পাবনা মহাসড়কে সতর্কতামূলকভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার জানান, ইউরেনিয়ামবাহী বহরটি নির্বিঘ্নে প্রকল্প এলাকায় পৌঁছাতে জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট কঠোর নিরাপত্তাবলয় তৈরি করে। বহরটি প্রকল্পে প্রবেশের সময় মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়। পরে তা স্বাভাবিক করে দেয়া হয়।

বিদ্যুৎকেন্দ্রের সরবরাহ পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বরের মধ্যে মোট নয়টি কার্গো ফ্লাইটে রূপপুরের দুই ইউনিটের জন্য আরো ২১১টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে আসার কথা রয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটের জন্য ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি অ্যাসেম্বলি সরবরাহ করা হবে।

২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন হয়েছে। তবে কমিশনিংয়ের সময় প্রেসার অপারেটেড রিলিফ ভালভ (পিওআরভি/পিওএসভি) সংক্রান্ত কারিগরি জটিলতায় বিদ্যুৎ উৎপাদন পিছিয়ে যায়। সম্প্রতি ১৬ মেগাপ্যাসকেল উচ্চচাপে সেফটি ভালভের সফল পরীক্ষার মাধ্যমে সমস্যাটির সমাধান হয়েছে বলে জানিয়েছে এনপিসিবিএল।

সংশ্লিষ্টরা জানান,রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রসাটমের সহযোগিতায় বাংলাদেশ-রাশিয়া জিটুজি চুক্তির আওতায় নির্মিত হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আগে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা ও কমিশনিং কার্যক্রম সম্পন্ন করতে হবে।