
সিলেটে হাম ও উপসর্গে টানা দ্বিতীয় দিন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হাসপাতালগুলোতে সন্দেহজনক হাম রোগী ভর্তি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬১ জনে।
শনিবার (৩ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ৮১ জনেই রয়েছে। এর মধ্যে সিলেটে ৪০৮, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন।
নতুন ভর্তি ১৫৮ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৪, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬০, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে এক, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৫ এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে আটজন রয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ৬৬১ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪০, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৭২, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০, নর্থ ইস্ট মেডিক্যাল হাসপাতালে আট, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন, কোম্পানীগঞ্জে তিন, বিশ্বনাথে দুই, বিয়ানীবাজারে চার, গোলাপগঞ্জে চার, ফেঞ্চুগঞ্জে তিন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭৫, ধর্মপাশায় এক, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে তির এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩৬ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছর হাম ও উপসর্গে এ পর্যন্ত ১৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৭২ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জন মারা গেছেন। জেলাভিত্তিক মোট মৃত্যুর মধ্যে সিলেটে ৭৩, হবিগঞ্জে ২৮, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৬ জন।
সেপ্টেম্বরে হাম ও উপসর্গে ২৯ জনের মৃত্যু হয়েছে। অক্টোবরের প্রথম দিন একজনের মৃত্যুর পর ২ ও ৩ অক্টোবর কোনো মৃত্যুর খবর নেই। তবে মৃত্যুহীন দুই দিনেও হাসপাতালে নতুন রোগী ভর্তির চাপ কমেনি; বরং একদিনে আরো ১৫৮ জন ভর্তি হওয়ায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬৬১ জনে পৌঁছেছে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








