
শরতের নীল আকাশ, মৃদু বাতাস আর নদীর চরে সারি সারি সাদা কাশফুল প্রকৃতির এমন অপরূপ সাজে বদলে গেছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের করতোয়া নদীর চরাঞ্চল। বিশেষ করে জাতের ঘাট এলাকায় কাশফুলের শুভ্রতায় সৃষ্টি হয়েছে মনোমুগ্ধকর পরিবেশ। শরতের এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন বিকেলে ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ।
সরেজমিনে দেখা যায়, করতোয়া নদীর বিস্তীর্ণ চরে সবুজ ঘাসের ফাঁকে মাথা উঁচু করে ফুটে আছে সাদা কাশফুল। নদীর বাতাসে দুলছে কাশবনের সারি। বিকেলের নরম রোদে সেই শুভ্রতা যেন আরো প্রাণবন্ত হয়ে উঠছে। কেউ কাশবনের মধ্যে দাঁড়িয়ে ছবি তুলছেন, কেউ ভিডিও ধারণ করছেন। আবার কেউ নদীর পাড়ে বসে উপভোগ করছেন প্রকৃতির নীরব সৌন্দর্য।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রতিবছর শরৎ মৌসুমে এ চরে কাশফুল ফুটলেও এবার দর্শনার্থীদের আনাগোনা তুলনামূলক বেশি। বিকেল গড়াতেই পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে বিভিন্ন বয়সী মানুষ ছুটে আসছেন এখানে।
কাশফুল দেখতে আসা দর্শনার্থী রিয়াজ বলেন, ‘কাশফুলের এমন দৃশ্য খুব কাছ থেকে দেখতে ভালো লাগে। পরিবার নিয়ে বিকেলে এখানে এসে সময় কাটাচ্ছি। ছবি তোলার জন্যও জায়গাটি বেশ সুন্দর।’
আরেক দর্শনার্থী সুমনা আক্তার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে কাশফুলের ছবি দেখে এখানে আসার আগ্রহ তৈরি হয়। সরাসরি এসে জায়গাটি দেখে আরো সুন্দর মনে হয়েছে। প্রকৃতির এমন সাজ দেখে মন ভরে যাওয়ার দৃশ্য।
স্থানীয়দের ভাষ্য, দর্শনার্থীদের উপস্থিতি বাড়লেও এখানে পর্যটন বান্ধব কোনো সুবিধা নেই। যাতায়াত ব্যবস্থা উন্নত করার পাশাপাশি বসার জায়গা, পরিচ্ছন্নতা ও নিরাপত্তার ব্যবস্থা করা হলে স্থানটি আরো আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
শরতের কাশফুল বাংলার চিরচেনা প্রকৃতির এক অনন্য প্রতীক। করতোয়ার বুকে জেগে ওঠা চর আর তার ওপর ছড়িয়ে থাকা সাদা কাশবন এখন স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্তের মানুষেরও নজর কাড়ছে।
প্রকৃতির এই সাময়িক সাজকে ঘিরে জাতের ঘাটের চরাঞ্চল যেন শরতের এক ছোট্ট মিলনমেলায় পরিণত হয়েছে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








